ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ব্রাজিলের যাত্রা শুরুর আগে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, উদ্বোধনী ম্যাচে নেইমার খেলবেন কি না। কোচ কার্লো আনচেলত্তির সর্বশেষ মন্তব্যে সেই প্রশ্নের উত্তর এখন প্রায় পরিষ্কার।
মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে নেইমারকে পাওয়ার সম্ভাবনা নেই বলেই ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ। দীর্ঘদিনের ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠায় তিনি এখনো দলের সঙ্গে স্বাভাবিক অনুশীলনে ফিরতে পারেননি। বিশ্বকাপ শুরুর আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘নেইমার যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হওয়ার জন্য অনেক কঠোর পরিশ্রম করছে।’
তবে একইসঙ্গে তিনি স্বীকার করেন, এই সপ্তাহে নেইমার পুরো দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পারবেন না। আগে পরিকল্পনা ছিল এই সপ্তাহেই তার প্রত্যাবর্তন, কিন্তু এখন সেটি পিছিয়ে আগামী সপ্তাহে নেওয়া হয়েছে।
সান্তোসের এই ফরোয়ার্ড গত ১৭ মে ডান পায়ের গ্রেড-টু ইনজুরিতে পড়েন। এরপর থেকেই তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন। বিশ্বকাপের আগে পুরো সপ্তাহ জুড়ে তিনি শুধু জিম সেশনেই সীমাবদ্ধ ছিলেন, মাঠে দলের সঙ্গে অনুশীলন করেননি। ফলে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচে তার মাঠে না থাকা এখন প্রায় নিশ্চিত।
তবে আনচেলত্তি স্পষ্ট করেছেন, নেইমার শুধু পারফরম্যান্স নয়, অভিজ্ঞতার দিক থেকেও দলের জন্য গুরুত্বপূর্ণ। তার ভাষায়, ‘নেইমারকে দলে রাখার সিদ্ধান্ত শুধু তার গুণের জন্য নয়, বরং তরুণ খেলোয়াড়দের জন্য তার অভিজ্ঞতা এবং উদাহরণ তৈরির ক্ষমতার জন্যও।’
মরক্কো ম্যাচ মিস করলেও ব্রাজিল শিবির আশাবাদী যে দ্বিতীয় গ্রুপ ম্যাচে তাকে পাওয়া যেতে পারে। ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচে ৩৪ বছর বয়সী এই তারকার মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হতে পারে।