বিশ্বকাপের বাকি মাত্র ১৭ দিন, এমন সময়ে বড় ধাক্কা লাগল আর্জেন্টিনা শিবিরে। মেজর লিগ সকারের শেষ ম্যাচে চোটে পড়েছেন লিওনেল মেসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে বাম ঊরুতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন গত বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী এই তারকা।
মেজর লিগ সকারে বৃষ্টিভেজা মাঠে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচের ৭৩তম মিনিটে বাম পায়ের পেছনের অংশে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করেন মেসি। পরে নিজেই জানান বদলির অনুরোধ। তবে ৩৮ বছর বয়সী এই তারকাকে মাঠ ছাড়ার সময় স্বাভাবিকভাবেই হাঁটতে দেখা যায়। এ সময় তিনি সরাসরি টানেলে চলে যান। পরে ম্যাচটি ৬-৪ গোলে জিতে নেয় ইন্টার মায়ামি।
ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ গুইলেরমো হোয়োস জানান, মেসির চোট লেগেছে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে মাঠের পরিস্থিতির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘এখনও মেডিকেল রিপোর্ট হাতে আসেনি। তবে যতটুকু জানি, বিষয়টি ক্লান্তির সঙ্গে সম্পর্কিত হতে পারে। মাঠ ভেজা ছিল, এমন পরিস্থিতিতে ঝুঁকি না নেওয়াই ভালো।’
মেসির সতীর্থ মাতেও সিলভেত্তি বলেন, ‘আমিও সবার মতোই অন্ধকারে আছি। এটা চোট নাকি শুধু ক্লান্তি, তা জানি না। আশা করছি বিষয়টি গুরুতর কিছু নয়।’