রাজধানীর মিরপুরে অবস্থিত কালশি বস্তিতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং ৯ মিনিটের মাথায় সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে প্রথম ইউনিট সেখানে পৌঁছে উদ্ধার ও আগুন নির্বাপণ কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে পল্লবী, মিরপুর, কুর্মিটোলাসহ বিভিন্ন স্টেশনের ১৩টি ইউনিট একযোগে সেখানে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে পানির সংকটে পড়েছে ফায়ার সার্ভিস। এর ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।