এবার হবিগঞ্জ!
রাজধানীর পল্লবী এলাকার শিশু রামিসাকে ঘিরে মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৫ মে) বিকেলে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন।
শিশুটির পরিবারের অভিযোগ, রোববার (২৪ মে) বিকেলে সে গ্রামের একটি দোকানে যাচ্ছিল। পথে একই গ্রামের আফরোজ মিয়া (৩৫) ও তার এক সহযোগী মিলে শিশুটির মুখে গামছা বেঁধে পাশের নির্জন বাঁশঝাড়ে নিয়ে যান। সেখানে তাকে পাশবিক নির্যাতন এবং সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে তারা পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
পরিবারটি বলছে, লোকলজ্জা ও ভয়ের কারণে রোববার তারা শিশুটিকে হাসপাতালে নিতে পারেননি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, ‘খবর পেয়ে শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেছি।’ তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।