সৌদি প্রো লিগ জয়ের আনন্দ এখনো শেষ হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। এর মধ্যেই আরও একটি বড় সুখবর পেলেন আল-নাসরের এই পর্তুগিজ তারকা। বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকায় আবারও শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।
মার্কিন সাময়িকী ‘ফোর্বস’-এর প্রকাশিত তালিকায় টানা চতুর্থবারের মতো এক নম্বরে আছেন রোনালদো। ২০২৩ সালে সৌদি আরবে পাড়ি জমানোর পর থেকেই আয়ের দিক থেকে ক্রীড়াবিশ্বে নিজের আধিপত্য ধরে রেখেছেন তিনি।
গত ১২ মাসে মোট ৩০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন রোনালদো, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি। মাঠের পারিশ্রমিক, বোনাস, বিজ্ঞাপন, স্পন্সরশিপ ও ব্যক্তিগত ব্যবসা; সবমিলিয়ে এই বিশাল অঙ্কের আয় তাকে আবারও সবার ওপরে জায়গা করে দিয়েছে।
তালিকায় তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও আছেন শীর্ষ পাঁচে। তবে এবার আয়ের দিক থেকে রোনালদোর চেয়ে অনেকটাই পিছিয়ে আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। গত এক বছরে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ইন্টার মায়ামির এই তারকা।
রোনালদো ও মেসির মাঝখানে জায়গা করে নিয়েছেন মেক্সিকান বক্সিং তারকা সাউল আলভারেজ। মাঠের পারফরম্যান্স খুব বেশি আলোচনায় না থাকলেও আয় করেছেন ১৭০ মিলিয়ন মার্কিন ডলার।
তালিকার চতুর্থ স্থানে আছেন বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস। লস অ্যাঞ্জেলেস লেকার্সের এই তারকার আয় ১৩৭.৮ মিলিয়ন ডলার। আর পঞ্চম স্থানে রয়েছেন জাপানি বেসবল তারকা শোহেই ওহতানি, যার আয় ১২৭.৬ মিলিয়ন ডলার।
ফোর্বস জানিয়েছে, গত ১২ মাসে বিশ্বের শীর্ষ ৫০ জন অ্যাথলেট মিলিয়ে মোট প্রায় ৪.১ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। এর মধ্যে বড় অংশ এসেছে মাঠের পারিশ্রমিক, বোনাস ও প্রাইজমানি থেকে। বাকি অর্থ এসেছে বিজ্ঞাপন, স্পন্সরশিপ ও বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম থেকে।