ম্যানচেস্টার সিটির সঙ্গে শেষ হতে যাচ্ছে পেপ গার্দিওলার এক ঐতিহাসিক অধ্যায়। এক দশক ধরে ক্লাবটিকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়া এই স্প্যানিশ কোচ চলতি মৌসুম শেষেই সিটির ডাগআউট ছাড়ছেন। শনিবার ওয়েম্বলিতে চেলসিকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপ জয়ের পর সামনে আসে এই খবর।
আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটিই হতে যাচ্ছে সিটির হয়ে গার্দিওলার শেষ ম্যাচ। যদিও তার চুক্তির মেয়াদ এখনো এক বছর বাকি, তবুও বেশ কিছুদিন ধরেই তার বিদায় নিয়ে আলোচনা চলছিল। এবার সেটাই বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর ম্যানচেস্টার সিটিকে পুরোপুরি বদলে দেন গার্দিওলা। তার অধীনে ক্লাবটি জিতেছে ২০টি ট্রফি, যার মধ্যে রয়েছে ৬টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ। টানা চারবার লিগ জয়ের রেকর্ডও গড়েছে তার দল।
গার্দিওলার বিদায়কে স্মরণীয় করে রাখতে সোমবার ম্যানচেস্টারে ওপেন-টপ বাস প্যারেড আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। নর্দার্ন কোয়ার্টার থেকে শুরু হয়ে সেটি শেষ হবে ইতিহাদ স্টেডিয়ামের কলিন বেল স্ট্যান্ডের সামনে।
এদিকে গার্দিওলার উত্তরসূরি কে হবেন, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। সম্ভাব্য নামের তালিকায় আছেন চেলসির সাবেক কোচ এনজো মারেস্কা এবং সিটির সাবেক অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি।
তবে বিদায়ের আগে এখনো গার্দিওলার সামনে রয়েছে আরও একটি প্রিমিয়ার লিগ জয়ের সুযোগ। মঙ্গলবার বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ খেলবে সিটি। এরপর অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হবে তার সেই ‘ম্যাজিকাল’ এক দশক।