শিরোপার স্বপ্ন এখন আর শুধু কল্পনা নয়, স্তবের খুব কাছেই দাঁড়িয়ে আর্সেনাল। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে বার্নলির বিপক্ষে কাই হাভার্টজের একমাত্র গোলেই গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে মিকেল আর্তেতার দল। সোমবার দিবাগত রাতের ১-০ গোলের এই জয় ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার আরও কাছে নিয়ে গেছে গানার্সদের।
ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধে। ৩৭ মিনিটে বুকায়ো সাকার নেওয়া কর্নার থেকে দারুণ হেডে বল জালে জড়ান হাভার্টজ। এর আগে লিয়েনার্দো ট্রোসার্ডের শট পোস্টে লেগে ফিরে আসে, আর সাকার কয়েকটি আক্রমণও শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি আর্সেনাল।
তবে গোলের পাশাপাশি হাভার্টজ ছিলেন অন্য এক কারণেও আলোচনায়। দ্বিতীয়ার্ধে লেসলি উগোচুকউর ওপর তার দেরিতে করা ট্যাকল নিয়ে লাল কার্ডের শঙ্কা তৈরি হয়েছিল। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বিষয়টি পর্যালোচনা করলেও শেষ পর্যন্ত হলুদ কার্ডের সিদ্ধান্তই বহাল থাকে।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল দ্বিতীয় স্থানের ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গেছে। যদিও পেপ গার্দিওলার দলের হাতে এখনও দুটি ম্যাচ বাকি আছে। আজ বোর্নমাউথের বিপক্ষে খেলবে সিটি।
সিটিজেনরা যদি সেই ম্যাচে পয়েন্ট হারায়, তাহলে আর্সেনালই নিশ্চিত করবে প্রিমিয়ার লিগ শিরোপা। আর সিটি জিতলেও, ববার ক্রিস্টাল প্যালেসকে হারাতে পারলেই ২২ বছর পর আবারও ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হবে আর্তেতার দল।