পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে গতির ঝড় তুলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতিতে বল করে ব্যাটারদের জন্য এক ধরনের আতঙ্ক তৈরি করেন তিনি। তার এই পারফরম্যান্স নিয়ে সতীর্থ থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরাও এখন প্রশংসায় ভাসাচ্ছেন। এমনকি পেশোয়ার জালমির সতীর্থ অ্যারন হার্ডি মন্তব্য করেছেন, আসন্ন টেস্ট ক্রিকেটে বাবর আজমও নাহিদের বোলিং সামলাতে স্বস্তি বোধ করবেন না।
এবারের পিএসএলে পেশোয়ার জালমির হয়ে মাত্র ৫টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন নাহিদ রানা। কিন্তু এই অল্প সময়েই নিজের সামর্থ্যের দারুণ প্রমাণ রেখেছেন তিনি। ৫ ম্যাচে ১০.৮৯ গড়ে শিকার করেছেন ৯টি উইকেট। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, টি-টোয়েন্টির এই যুগেও তার ইকোনমি রেট ছিল মাত্র ৫.৪৪।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য মাঝপথে দেশে ফেরায় তাকে আর পিএসএলে না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। তবে পেশোয়ার ফাইনালে ওঠার পর বিশেষ অনুরোধে তাকে আবার ছাড়পত্র দেওয়া হয়। আর সেই ফাইনালেই ৪ ওভারে ১টি মেডেনসহ মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে বড় অবদান রাখেন এই পেসার।
ফাইনালে ম্যাচসেরা হওয়া অ্যারন হার্ডি নাহিদ রানার প্রশংসায় বলেন, ‘সে মাত্র তিন দিন আগে প্লেন থেকে নেমেছে এবং আজও দুর্দান্ত গতিতে বল করেছে। করাচিতে যখন সে ১৫১ কিমি গতিতে ছুটছিল, তখন ব্যাটারদের জন্য সেটা ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা। বিশ্বের যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগ তাকে স্বাগত জানাবে।’
আগামী ৮ মে ঢাকায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট। সেখানে মুখোমুখি হতে পারেন নাহিদ রানা ও বাবর আজম। এই প্রসঙ্গে হার্ডি মজা করে বলেন, ‘আমি জানি সামনেই নাহিদের টেস্ট ম্যাচ আছে। আর এটাও জানি যে বাবর তার বল খেলতে চাইবে না। সেখানে আমরা একটা বন্ধুত্বপূর্ণ কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাব।’
নিজের পারফরম্যান্স ও পিএসএল জয় নিয়ে উচ্ছ্বসিত নাহিদ রানা বলেন, ‘গত বছর স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাইনি। এবার নিজের পরিকল্পনাগুলো ঠিকভাবে বাস্তবায়ন করতে পেরেছি। দলের জয়ে অবদান রাখতে পেরে আমি সত্যিই আনন্দিত।’