প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ নারী দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে সেই জয়ের ধারা ধরে রাখতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। টাইগ্রেসদের ৪ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। আগামী শনিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
আজ বুধবার (২২ এপ্রিল) রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৪৫.৩ ওভারে ১৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ নারী দল। লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারালেও ৩৮.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হন লঙ্কান অধিনায়ক চামারি আত্তাপাত্তু।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। মাত্র ৫ রান করে আউট হন হাসিনি পেরেরা, আর ইমেশা দুলানি করেন ৮ রান। তবে অধিনায়ক চামারি আত্তাপাত্তু ৩৯ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন।
এরপর চতুর্থ উইকেটে হারশিথা সামারাবিক্রমা ও হানসিমা করুনারত্নের ৭৭ রানের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লঙ্কানদের হাতে। করুনারত্নে করেন ৪০ রান, সামারাবিক্রমা করেন ৫০ রান। শেষ দিকে নীলাক্ষী ও কাভিশার ব্যাটে জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন নাহিদা আক্তার। সুলতানা খাতুন ও রিতুমনি নেন একটি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৪ রানে দুই ওপেনার সাজঘরে ফেরেন। জুয়াইরিয়া ফেরদৌস ২ রান ও শারমিন আক্তার শূন্য রানে আউট হন। তবে একপ্রান্তে দাঁড়িয়ে লড়াই করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি ১০১ বলে ৫৮ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ৪টি চার। তবে অন্য প্রান্ত থেকে নিয়মিত উইকেট হারায় বাংলাদেশ।
সোবহানা মোস্তারি ৫, স্বর্ণা আক্তার ১৬, রিতুমনি ১৭, নাহিদা আক্তার ২০, রাবেয়া খান ১৫, শারমিন সুলতানা ২৫ রান করেন। পুরো দল ১৬৫ রানে অলআউট হয়। শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন চামারি আত্তাপাত্তু, যিনি ব্যাটিংয়ের পাশাপাশি ৩টি উইকেটও নেন। দুটি করে উইকেট পান আরও তিনজন বোলার। সবমিলিয়ে সিরিজ এখন ১-১ সমতায়। তৃতীয় ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ভাগ্য।