থাইল্যান্ডের এক বিলাসবহুল ভিলায় নিথর অবস্থায় পাওয়া গিয়েছিল কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নকে। ২০২২ সালের সেই আকস্মিক মৃত্যু আজও নাড়া দেয় ক্রিকেট বিশ্বকে। তবে চার বছর পর আবারও নতুন করে আলোচনায় এই ঘটনা। এবার তার ছেলে জ্যাকসন ওয়ার্নের মন্তব্যে।
সম্প্রতি এক পডকাস্টে জ্যাকসন দাবি করেছেন, কোভিড-১৯ টিকা তার বাবার মৃত্যুর পেছনে ভূমিকা রাখতে পারে। তার ভাষায়, ‘আমি নিশ্চিতভাবে মনে করি, টিকা এতে জড়িত ছিল। এখন এটা বলা আর বিতর্কিত কিছু নয়।’
জ্যাকসনের মতে, আগে থেকে কিছু শারীরিক ঝুঁকি থাকলেও টিকা সেটাকে বাড়িয়ে দিতে পারে। এমনকি মৃত্যুর খবর পাওয়ার পর তার প্রথম প্রতিক্রিয়াই ছিল সরকার, কোভিড ও টিকা। সবকিছুর মিলিত প্রভাব থাকতে পারে।
উল্লেখ্য, থাইল্যান্ডের কোহ সামুইয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ওয়ার্ন। সরকারি ময়নাতদন্তে ‘স্বাভাবিক মৃত্যু’ বলা হলেও পরে নানা জল্পনা তৈরি হয়। ওষুধ সরানো থেকে শুরু করে শরীরে নির্দিষ্ট ওষুধের উপস্থিতিসিহ বিভিন্ন বিষয় আলোচনায় আসে।
তবে এসব ব্যাখ্যার বাইরেও জ্যাকসন ভিন্ন ইঙ্গিত দিচ্ছেন। তার দাবি, সরকারি বিধিনিষেধের কারণে একাধিক ডোজ টিকা নিতে হয়েছিল ওয়ার্নকে, যা হয়তো প্রভাব ফেলেছে।
ভিক্টোরিয়া সরকারের আয়োজিত রাষ্ট্রীয় স্মরণসভা নিয়েও অস্বস্তির কথা জানিয়েছেন তিনি। প্রকাশ্যে কিছু না বললেও, ভেতরে ভেতরে তখন থেকেই প্রশ্ন জেগেছিল তার মনে।
তবে শেষ পর্যন্ত এক জায়গায় এসে থেমে গেছেন জ্যাকসন। তার কথায়, ‘সত্যটা হয়তো অজানাই থেকে যাবে। বাবা তখন বেশ ফিটই ছিলেন। যদিও তিনি ধূমপান ও মদ্যপান করতেন, তবুও অনেকেই এর চেয়ে বেশি করেও দীর্ঘদিন বেঁচে আছেন।’
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন ১৪৫টি টেস্টে ৭০৮ উইকেট নিয়ে নিজেকে স্থাপন করেছেন কিংবদন্তিদের কাতারে। আর এখন তার স্মৃতিকে সামনে রেখে হৃদরোগ সচেতনতা বাড়াতে কাজ করছে ‘শেন ওয়ার্ন লিগ্যাসি’ উদ্যোগ।