ব্যাট হাতে যেন নিজের ক্যারিয়ারের সেরা সময়টাই কাটাচ্ছেন অ্যামিলিয়া কার। টি-টোয়েন্টিতে সেঞ্চুরির পর এবার ওয়ানডেতেও অবিশ্বাস্য এক ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন ঐতিহাসিক জয়। তার ব্যাটেই বিশ্ব রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড নারী দল।
ওয়েলিংটনে বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। আগে ব্যাট করে ৩৪৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় প্রোটিয়ারা। কিন্তু সেই লক্ষ্য তাড়া করে জিতে ইতিহাস গড়ে ফেলে হোয়াইট ফার্নরা, যা মেয়েদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল ভারতের, যারা গত বছর বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩৯ রান তাড়া করে জিতেছিল।
এই জয়ের নায়ক অ্যামিলিয়া কার। তিন নম্বরে নেমে ১৩৯ বলে ২৩ চার ও ১ ছক্কায় ১৭৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। রান তাড়ায় এটি মেয়েদের ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর চেয়ে বেশি, ২০২৪ সালে একই দলের বিপক্ষে ১৯৫ রান করেছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু।
অধিনায়ক হিসেবে বড় ইনিংসের তালিকাতেও উঠে এলেন অ্যামিলিয়া। তার চেয়ে বড় ইনিংস আছে কেবল তিনটি; ১৯৯৭ সালে অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্কের ২২৯, ২০২৪ সালে আতাপাত্তুর ১৯৫* এবং একই ম্যাচে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টের ১৮৪*।
ম্যাচে শুরুটা মোটেও সহজ ছিল না নিউজিল্যান্ডের জন্য। রান তাড়ায় প্রথম ২৫ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ১৩৬ রান তোলে তারা। তখনও জয়ের জন্য দরকার ছিল আরও ২১১ রান। সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অ্যামিলিয়া। পঞ্চম উইকেটে ইসাবেল গেজকে নিয়ে ৮২ বলে ১২০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। গেজ ৪৮ বলে ৬৮ রান করে ফিরে গেলে দায়িত্বটা পুরোপুরি নিজের কাঁধে তুলে নেন অ্যামিলিয়া। এরপর একাই টেনে নিয়ে যান দলকে জয়ের পথে।
শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১১ রান। প্রথম দুই বলেই বাউন্ডারি মেরে চাপ কমিয়ে আনেন তিনি। তৃতীয় বলে নেন ২ রান। স্কোর সমান হওয়ার পর চতুর্থ বলেই বাউন্ডারি হাঁকিয়ে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। ওয়ানডেতে এটি অ্যামিলিয়ার পঞ্চম সেঞ্চুরি, তবে গুরুত্বের দিক থেকে নিঃসন্দেহে সবার ওপরে স্থান পাবে এই ইনিংসটি।
এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে ৯০ বলে ৯১ রান করেন আনেক বশ। লরা উলভার্ট করেন ৭৪ বলে ৬৯ রান। শেষদিকে ২৫ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন ক্লো ট্রায়ন, যা দলকে বড় সংগ্রহ এনে দেয়। তবুও শেষ হাসি হাসে নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরে। এখন একই মাঠে শনিবার হবে সিরিজ নির্ধারণী ম্যাচ।