বিশ্বকাপের আগে ঠিক সময়েই ছন্দে ফিরল আর্জেন্টিনা। জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দাপুটে পারফরম্যান্সে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে লিওনেল মেসির দল।
শিরোপা রক্ষার মিশনে দেশ ছাড়ার আগে ঘরের মাঠে এটাই ছিল তাদের শেষ প্রস্তুতি ম্যাচ। আর সেই ম্যাচেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। এর আগে মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন না তিনি। দ্বিতীয়ার্ধে নেমে দল ২-১ ব্যবধানে জিতলেও পারফরম্যান্সে ঘাটতি ছিল স্পষ্ট।
তবে কোচ স্কালোনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, জাম্বিয়ার বিপক্ষে শুরু থেকেই খেলবেন মেসি; আর সেই সিদ্ধান্তেই যেন বদলে যায় পুরো ম্যাচের রূপ।
বুয়েনস আয়ারসের লা বোমবোনেরো স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে আর্জেন্টিনা। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় স্বাগতিকরা। গোল করেন হুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি।
বিরতির পরও থামেনি সেই দাপট। ৫০ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান নিকোলাস ওতামেন্দি। এরপর ৬৮ মিনিটে জাম্বিয়ার ডিফেন্ডার ডমিনিক চান্দার আত্মঘাতী গোলে স্কোরলাইন আরও বড় হয়।
ম্যাচের একেবারে শেষদিকে যোগ করা সময়ে ভ্যালেন্টিন বারকোর গোল যেন জয়ের পূর্ণতা এনে দেয়। ৫-০ গোলের এই জয় শুধু ব্যবধানেই নয়, পারফরম্যান্সেও ছিল দারুণ আত্মবিশ্বাসের বার্তা।
মার্চে নিজেদের মাঠে খেলা দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই জয় পেল আর্জেন্টিনা। বর্তমান সূচি অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে এই দুটি ম্যাচই ছিল তাদের শেষ প্রস্তুতি। আর সেখানে নিজেদের প্রস্তুতির শক্ত বার্তাই দিল স্কালোনির দল।