ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে সে দেশের সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল ইরান সফরে যাচ্ছে। আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করে ৯ জুলাই পর্যন্ত সফর করবে প্রতিনিধিদলটি। মঙ্গলবার (৩০ জুন) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকছেন মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী ও ডা. এস এম খালিদুজ্জামান। তারা ইরানের সর্বোচ্চ নেতার জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি ইরান সরকার ও জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করবেন।
সফরকালে সরকারি কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদলটি ইরানের শীর্ষ নেতৃত্ব ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জামায়াতের দাবি, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া ও দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সুদৃঢ় হবে।
এ ছাড়া এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ ও সফর সফল করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ায় ইরান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।