অস্ত্র প্রদর্শনের অভিযোগ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারীর ওপর হামলা ও অস্ত্র প্রদর্শনের অভিযোগ তুলে সরকারের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে তিনি এ প্রশ্ন তুলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘আমরা আবারও দেশে সন্ত্রাসীদের আস্ফালন দেখতে পাচ্ছি। বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের আগে বলেছিলেন তার একটি পরিকল্পনা আছে। এখন আমাদের মনে প্রশ্ন জাগছে, সেই পরিকল্পনা কি ছাত্রসংগঠনের নেতাকর্মীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা ছিল?’
তিনি আরও বলেন, ‘একটি নামাজের কর্মসূচির পর যেভাবে আওয়ামী লীগ অতীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আয়োজন কিংবা গানের অনুষ্ঠানে হামলা চালাত, আজ একই কায়দায় এনসিপির নেতাদের ওপর হামলা করা হয়েছে।’
এনসিপির এই মুখপাত্র অভিযোগ করে বলেন, তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, সমালোচনা করা যাবে না। তারা নাকি একটি রেডলাইন তৈরি করেছে, যা কেউ অতিক্রম করতে পারবে না। কিন্তু আমরা বাকস্বাধীনতায় বিশ্বাস করি। এই দেশের যেকোনো নাগরিক, কৃষক-শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত, দায়িত্বে থাকা যেকোনো ব্যক্তিকে প্রশ্ন করার অধিকার রাখে।’
তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের প্রশ্ন করার অধিকারই গণতন্ত্রের মূল ভিত্তি। কিন্তু আমরা দেখছি, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট শেয়ার করা কিংবা মত প্রকাশের কারণেও গ্রেপ্তার করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনাকে নিয়ে কিছু লিখলেই যেভাবে সাইবার আইনে মামলা ও গ্রেপ্তার করা হতো, এখনো সেই সংস্কৃতির পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।’
বিক্ষোভ মিছিলে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।