প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বিদ্যুৎ সংকটের জন্য এই সরকারের ন্যূনতম কোনো দায় নেই। তারপরও প্রধানমন্ত্রী তারেক রহমান এই কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে নজরুলবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, প্রতি ছয় মাস পর পর কোন মন্ত্রণালয় কী করছে, কীভাবে করছে তা মূল্যায়ন করা হবে। এভাবে ৫ বছর জনগণের কাছে যেতে হবে। কী করা হয়েছে, আগামীতে কী করা হবে—সেই বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরা হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে বাংলাদেশে এমন একটি নির্বাচন ব্যবস্থা ও গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে যাতে সরকার জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। কারণ সরকারকে পাঁচ বছর পর আবার জনগণের কাছে ভোট চাইতে হবে।
জনগণের অঙ্গীকার সম্পর্কে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এই সরকার নির্বাচিত একটা সরকার। জনগণ এই সরকারকে বড় একটা বিজয় দিয়েছে। তাই সরকার জনগণকে দেওয়া অঙ্গীকারগুলো যেকোনো মূল্যে রক্ষা করতে চায়।
উপস্থিত জেলা প্রশাসন ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি সরকার দেশের উন্নয়নে বিভিন্ন জেলা-উপজেলায় যোগ্য মানুষদের নিয়োগ দিয়েছে। তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। সব ক্ষেত্রে কেন্দ্রের অনুমতি লাগবে এটা হতেই পারে না।
সভা শেষে তথ্য উপদেষ্টা পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার উদ্দেশে রংপুর জেলা ত্যাগ করেন।
সভায় উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, বিভাগের আট জেলার জেলা প্রশাসক, জেলা কালচারাল অফিসার ও শিক্ষা কর্মকর্তারা।