গণপরিবহনে নারীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ করতে রাজধানীতে চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে পিংক রঙের এ বাসগুলো পরিচালনা করবেন নারী চালক ও কন্ডাক্টররা।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ আগস্ট রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হবে। সকাল ১০টায় অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
বিআরটিসি জানায়, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের জন্য এ বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি থাকবেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।