কক্সবাজারের তারকা হোটেল সী-গালের রেস্তোরাঁয় দেশি মুরগির নামে সোনালি মুরগি পরিবেশনের অভিযোগ তুলে প্রতিকার চাইতে গিয়ে রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকি পাওয়ার অভিযোগ করেছেন এক পর্যটক। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করার পর রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাতে কক্সবাজার সদর মডেল থানায় দণ্ডবিধির ৪১৯, ৪২০ ও ৫০৬ ধারায় মামলাটি করা হয়। থানার এসআই শুভ্র রুদ্র বাদী হয়ে মামলাটি করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুহাম্মদ আলী জানান, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে পর্যটককে হুমকি দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। অভিযুক্ত ম্যানেজারকে গ্রেপ্তারও করা হয়েছে।
জানা গেছে, গত ৯ আগস্ট পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে আসেন কুষ্টিয়ার মোহাম্মদ রাসেল উদ্দিন। হোটেল সী-গালের রেস্তোরাঁয় দেশি মুরগির অর্ডার দেওয়ার পর তাকে সোনালি মুরগি পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিষয়টি নিয়ে অভিযোগ করার পর রেস্তোরাঁ ম্যানেজার মীর কামরুল হাসান তাকে ফোন করে রাজনৈতিক প্রভাব দেখিয়ে হুমকি দেন বলে অভিযোগ রাসেলের। পরে ওই কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ম্যানেজারকে হোটেলটি ‘তারেক রহমানের হোটেল’ নামে পরিচিত বলেও দাবি করতে শোনা যায়।
এদিকে ঘটনার পর মীর কামরুল হাসানকে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন হোটেল সী-গাল গ্রুপের চেয়ারম্যান মাসুম ইকবাল।
খাবার পরিবেশন নিয়ে পর্যটকের অভিযোগও আমলে নেওয়া হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।