রাজধানীর বংশাল মুকিমবাজার এলাকায় ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় হেলমেটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৫৩ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৬টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৫৩ মিনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বংশাল চৌরাস্তা এলাকার মুকিমবাজারে একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় হেলমেটের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।