অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়। আনন্দ আর গর্বের এই মুহূর্তে বাংলাদেশ দলের ক্রিকেটারদের অভিনন্দন জানাতে ভিডিও কলে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্রিকেটারদের সঙ্গে তার কথোপকথনের একটি মুহূর্ত ইতোমধ্যে বেশ আলোচনায় এসেছে।
ভিডিও কলে নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ ও তানজিদ হাসানের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। একপর্যায়ে তানজিদ হাসানকে প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিতে গিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘ও তানজিদ হাসান, বগুড়ার ছেলে, সেঞ্চুরি করেছে।’
তানজিদ ও প্রধানমন্ত্রীর দুজনের বাড়িই বগুড়ায়। তামিমের কথা শেষ হতে না হতেই প্রধানমন্ত্রী বলেন, ‘বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, বগুড়াকে না।’
প্রধানমন্ত্রীর এই কথায় মুহূর্তটি হয়ে ওঠে আরও তাৎপর্যপূর্ণ। নিজের জেলা পরিচয়ের গণ্ডি পেরিয়ে জাতীয় দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করার বিষয়টিই যেন সামনে তুলে ধরলেন তিনি।
এরপর ক্রিকেটারদের শারীরিক অবস্থারও খোঁজ নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের স্বাগত জানানোর জন্য। সবার শরীর ভালো আছে তো? একটু (ক্লান্তি) হবে স্বাভাবিক। গরম কেমন ওখানে? ভালো গরম? দেশের মতো? আসেন আপনারা সুস্থভাবে। বাংলাদেশের মানুষ আপনাদের স্বাগত জানাতে অপেক্ষা করছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের সপ্তম টেস্ট এবং দ্বিতীয় জয়। এর আগে ২০১৭ সালে নিজেদের মাঠে প্রথমবার অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। এবার সেই জয় এল অস্ট্রেলিয়ার মাটিতে।
আর সেখানেই এই জয়ের বিশেষত্ব। ঘরের মাঠের সাফল্যের পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকেই হারিয়ে নতুন এক অর্জন যোগ হলো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে।