সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৮০৫ জন। রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের বাসিন্দা। পাশাপাশি এই সময়ে (শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৮০, চট্টগ্রাম বিভাগে ৮২, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১২, খুলনা বিভাগে ৯৭, ময়মনসিংহ বিভাগে ৬৫, রাজশাহী বিভাগে ৫৫, রংপুর বিভাগে ৭ ও সিলেট বিভাগে ২ হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৯৭৮ জন। এর মধ্যে চলতি মাসে ৮ হাজার ৬৬৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ জুনে ২ হাজার ৯০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭০ জনের। এর মধ্যে চলতি মাসে ১৬ জন মারা গেছে। আর জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩ ও জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।