কক্সবাজারের টেকনাফে বালুভর্তি ডাম্পার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ডাম্পারটি নিয়ে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।
বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মৃত ছগির আহমদ ড্রাইভারের ছেলে মো. রুবেল (৩৫) এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী এলাকার আবুল কাসেমের ছেলে মোহাম্মদ আরমান চৌধুরী (২৮)।
স্থানীয়রা জানান, সকালে রুবেল ও আরমান হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী এলাকা থেকে মোটরসাইকেলে করে পালংখালী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে কেরুনতলী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ডাম্পার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রুবেল নিহত হন। গুরুতর আহত আরমানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ডাম্পারটি নিয়ে চালক ও তার সহকারী পালিয়ে যান বলে জানান স্থানীয়রা।
হাইওয়ে পুলিশের হোয়াইক্যং ফাঁড়ির পরিদর্শক নুরুল আবছার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত ডাম্পারটি পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কামাল উদ্দিনের।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ডাম্পারটি নিয়ে চালক পালিয়ে গেছেন। তাকে আটক করা সম্ভব হয়নি। ডাম্পারটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।