ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ‘ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে বহু মানুষের মর্মান্তিক প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে আমরা গভীরভাবে শোকাহত।’
তিনি বলেন, ‘যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি গভীর সমবেদনা জানাই। আহত প্রত্যেকের দ্রুত সুস্থতা কামনা এবং এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি।’
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং এই দুর্যোগ মোকাবিলায় ভেনেজুয়েলা সরকারের জন্য শক্তি, সহনশীলতা ও দ্রুত পুনরুদ্ধার কামনা করছে।
গত বুধবার (২৪ জুন) সন্ধ্যায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এটাকে গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর অন্যতম বিবেচনা করা হচ্ছে।
পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত দেশটির কর্তৃপক্ষ ২৩৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। আহত হয়েছেন ৪ হাজার ৩০০ জনেরও বেশি। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে আছেন অনেকে।
আটকে পড়াদের উদ্ধারে দিনরাত কাজ করছে উদ্ধারকারী দল। ভারী যন্ত্রপাতির পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে উপকূলীয় লা গুয়াইরা ও রাজধানীর আশপাশের এলাকায়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। মোবাইল ও ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক স্থানে। ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহও।