রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ধাওয়া দিয়ে একটি নির্মাণাধীন ভবনের নিচে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার পর বি কে দাস রোডে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ওই তরুণের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ওই যুবক তাজিয়া মিছিলের সঙ্গেই ছিলেন। মিছিল চলাকালে কয়েকজন মিলে তাকে ধাওয়া দিয়ে একটি নির্মাণাধীন ভবনের নিচে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি হামলায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।
তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে তাজিয়া মিছিলের কোনো সম্পর্ক বা সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, পূর্বশত্রুতা বা অন্য কোনো কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পেছনের আসল কারণ ও হামলাকারীদের পরিচয় উদ্ঘাটনে জোর তদন্ত চলছে।