২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুযায়ী দেশে ৬৫ বছরের বেশি বয়সীদের (সিনিয়র সিটিজেন) ট্রেন ভ্রমণে লাগবে না কোনো ভাড়া। মেট্রোরেল ভাড়ায়ও তারা পাবেন ২৫ শতাংশ ছাড়।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ সংক্রান্ত ঘোষণা দেন।
গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী।
এছাড়া নিরাপদ, আধুনিক ও দক্ষ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে রেলওয়ের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তঃদেশীয় সংযোগ সম্প্রসারণে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। একই সঙ্গে যাত্রী ও পণ্য পরিবহনে রেলপথ আরও কার্যকর, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে একাধিক পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা এবং সমুদ্র ও স্থলবন্দরগুলোর সঙ্গে রেল সংযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে। পাশাপাশি আধুনিক লোকোমোটিভ, যাত্রীবাহী কোচ (ক্যারেজ) ও পণ্যবাহী ওয়াগন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, সৈয়দপুর ও পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশেই কোচ এবং লোকোমোটিভ সংযোজন (অ্যাসেম্বলিং) কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এছাড়া ডুয়াল গেজ ডাবল লাইন নির্মাণ এবং আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালুর মাধ্যমে রেল চলাচলকে আরও নিরাপদ ও গতিশীল করা হবে।
ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির রেল যোগাযোগ চালুর পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
এর আগে সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদনের লক্ষ্যে মন্ত্রিসভার বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে জাতীয় বাজেট অনুমোদন করা হয়।