অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না। ব্যাপক জনআগ্রহ ও নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে মহিষটিকে ক্রেতার কাছ থেকে ফিরিয়ে এনে আবারও নারায়ণগঞ্জের খামারে রাখা হয়েছে।
বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানায় যমুনা টেলিভিশন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহিষটিকে ঘিরে প্রতিদিন বিপুল মানুষের ভিড় তৈরি হচ্ছিল, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এ পরিস্থিতিতে কেরানীগঞ্জের ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে মহিষটিকে পুনরায় খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
বর্তমানে মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মে রাখা হয়েছে। খামার কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত সেখানেই এটিকে লালন-পালন করা হবে।
বিরল অ্যালবিনো জাতের এই মহিষটির গায়ের সাদা লোম, চোখের গঠন ও সামগ্রিক অবয়ব অনেকের কাছে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাদৃশ্যপূর্ণ মনে হওয়ায় এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। খামারের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করেই নামটি দেন।
নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি। যদিও ভাইরাল হওয়ার আগেই রাজধানীর জিনজিরা এলাকার এক ক্রেতা সামি ৫৫০ টাকা কেজি দরে এটি কিনে নিয়েছিলেন।
পরে মহিষটিকে একনজর দেখতে প্রতিদিন খামারে ভিড় করতে থাকেন নানা বয়সী মানুষ। অনেকে মহিষটি কিনতে আগ্রহ প্রকাশ করলেও পরে হতাশ হয়ে ফিরেছেন।
দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় উঠে আসে ‘ডোনাল্ড ট্রাম্প’। বার্তা সংস্থা এএফপি, রয়টার্স, দ্য টেলিগ্রাফ, এনডিটিভি, ব্যাংকক পোস্টসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয় মহিষটিকে নিয়ে প্রতিবেদন।