রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড ও এনআইসিইউর কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে।
জানা গেছে, কমিটিতে স্বাস্থ্য বিভাগ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা রয়েছেন।
এরইমধ্যে কারিগরি ত্রুটি খতিয়ে দেখতে তদন্ত কাজ শুরু করেছে সিআইডির বিশেষজ্ঞ দল। এর আগে বৃহস্পতিবার (২৭ মে) দুপুরের দিকে সিআইডি ক্রাইমসিনের একটি দল ঘটনাস্থলে আসে।
সরেজমিনে দেখা যায়, ক্রাইমসিন ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালের পোস্ট অপারেটিভ কক্ষে প্রবেশ করে। সেখানে তারা এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নমুনা সংগ্রহ করে।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি ৬ জন শিশু মারা গেছে। তবে আমরা কারণ জানতে পারিনি কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে।’
ঘটনাস্থলে পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, পাঁচ শিশু হাসপাতালের এনআইসিইউতে ভর্তি রয়েছে। তাদের চিকিৎসা চলছে।