এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ২৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৯ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ১৯ এবং মদিনায় ৯ জন ইন্তেকাল করেছেন। সোমবার (২৫ মে) এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী ও ব্যবস্থাপনা সদস্য সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছান ৭৩ হাজার ৯২৬ জন।
এ ছাড়া হজ এজেন্সি, হাব প্রতিনিধি ও বিভিন্ন টিমের ব্যবস্থাপনা সদস্য রয়েছেন ৭৭৪ জন। হজযাত্রী পরিবহনে মোট ২০১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৯৮টি, সৌদি এয়ারলাইনস ৭৩টি ও ফ্লাইনাস এয়ারলাইনস ৩০টি ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইনসে ২৭ হাজার ৩৪০ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসে গেছেন ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী।
বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয়েছিল গত ১৮ এপ্রিল ও শেষ ফ্লাইট গেছে ২১ মে। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে শুরু হয়ে ৩০ জুন শেষ হবে।