স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে সরকার। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বগুড়ায় প্রশাসক নিয়োগ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বাজেট প্রাপ্তির ওপর নির্ভর করে নির্বাচনগুলোর ক্রম ঠিক করা হবে। তবে প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই প্রক্রিয়া শুরু হবে। এরপর ধাপে ধাপে বেশি বাজেটের নির্বাচন করা হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা পরিষদসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনগুলো সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনিক প্রস্তুতি ও অর্থ বরাদ্দ চূড়ান্ত হলে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে।
এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নির্বাচনগুলো ধাপে ধাপে আয়োজনের মাধ্যমে প্রশাসনিক চাপ কমানো এবং মাঠপর্যায়ে সুশৃঙ্খল নির্বাচন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।