কঠোর অবস্থানে ট্রাফিক বিভাগ
ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রোববার (৩ মে) দিনভর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় ট্রাফিক আইন অমান্য করায় ১ হাজার ৭২১টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। একই সঙ্গে ৩৮২টি গাড়ি ডাম্পিং এবং ১৪৪টি গাড়ি রেকার করা হয়।
ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, অভিযানের সবচেয়ে বড় প্রভাব পড়েছে মিরপুর এলাকায়। ট্রাফিক-মিরপুর বিভাগে এক দিনে সর্বোচ্চ ৪১৬টি মামলা করা হয়েছে, যার মধ্যে শুধু মোটরসাইকেলের বিরুদ্ধেই মামলা হয়েছে ২৪২টি। এরপর ওয়ারী বিভাগে ২৮১টি এবং উত্তরা বিভাগে ২৪১টি মামলা করা হয়েছে।
এছাড়া মিরপুর বিভাগে ৪১৬টি, ওয়ারী বিভাগে ২৮১টি, উত্তরা বিভাগে ২৪১টি মামলা, গুলশান বিভাগে ১৯৮টি, তেজগাঁও বিভাগে ১৮০টি, মতিঝিল বিভাগে ১৬০টি, লালবাগ বিভাগে ১৫২টি এবং রমনা বিভাগে ৯৩টি মামলা করা হয়েছে।
ডিএমপির তথ্য মতে, ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে মোটরসাইকেল চালকদের প্রবণতা সবচেয়ে বেশি। মোট মামলার একটি বড় অংশই হেলমেট না থাকা, উল্টো পথে চলা এবং লাইসেন্স সংক্রান্ত জটিলতা রয়েছে।
অন্যদিকে, ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে অন্তত ১৬১টি বাসের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে মামলা দেওয়া হয়েছে। এর পাশাপাশি ট্রাক এবং কাভার্ডভ্যানের মতো ভারী যানবাহনও রেহাই পায়নি এই সাঁড়াশি অভিযান থেকে।