দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে ভারি থেকে অতিভারি বর্ষণ হচ্ছে। এমন পরিস্থিতিতে আরও ৪ দিন দেশের সব বিভাগেই ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত রয়েছে। ফলে আজ বেলা ১১টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার) বর্ষণ হতে পারে।
ভারি বর্ষণের ফলে কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
এদিকে বুধবার দুপুর আড়াইটা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে দেশের অন্য জেলায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।