পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে দু’জন হজযাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত দু’জন ব্যক্তি হলেন জয়পুরহাটের সদর উপজেলার মো. নাঈম মন্ডল ও টাঙ্গাইলের সদর উপজেলার মো. আবুল কাসেম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
হজ বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারিভাবে গেছেন ২২ হাজার ৫২৬ জন। এ পর্যন্ত মোট ৬৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ২৪টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ৯ হাজার ৯৫১ জন, সৌদি এয়ারলাইন্সে ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৬ হাজার ৮৬৫ জন হজযাত্রী।
গত ১৮ এপ্রিল হজযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেয়। হজ ফ্লাইট চলবে আগামী ২১ মে পর্যন্ত। আর হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা শেষ হবে ৩০ জুন।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।