ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সিএনজিচালিত অটোরিকশায় করে সংসদ ভবনে আসেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (১২ মার্চ) অধিবেশন শুরুর আগে বাংলামোটর থেকে সিএনজিতে করে তিনি সংসদে যান। চালকের সঙ্গে তার ভাড়ার চুক্তি ছিল ১৮০ টাকা, তবে তিনি চালককে ৩০০ টাকা দেন।
বিষয়টি আখতার হোসেনকে সংসদ ভবনে নিয়ে যাওয়া সিএনজিচালক নিজেই জানিয়েছেন।
ওই সিএনজিচালক বলেন, ‘বাংলামোটর এলাকায় তাকে বলা হয়েছিল একজন এমপি যাবেন।’ তবে শুরুতে তিনি কোন এমপি যাবেন তা জানতেন না। কিছুক্ষণ অপেক্ষা করার প্রায় পাঁচ মিনিট পর এমপি আখতার হোসেন এসে সিএনজিতে ওঠেন।
তিনি জানান, বাংলামোটর থেকে সংসদ ভবন পর্যন্ত ভাড়া ১৮০ টাকায় ঠিক হয়েছিল। কিন্তু গন্তব্যে পৌঁছে সংসদ সদস্য আখতার হোসেন তাকে ৩০০ টাকা দেন। এতে তিনি খুশি হয়েছেন বলেও জানান।
সিএনজিচালক আরও বলেন, ‘আমি আগে জানতাম না উনি এমপি আখতার হোসেন। পরে শুনলাম সংসদ ভবনে নিয়ে যেতে হবে। উনি ভাড়া বেশি দিয়েছেন, এতে আমার ভালো লাগছে।’
এদিকে সংসদ ভবনে প্রবেশের সময় আখতার হোসেনকে বহনকারী সিএনজিটি প্রথমে কিছুটা বাধার মুখে পড়ে। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভেতরে প্রবেশের অনুমতি দেন। এরপর চালক এমপি আখতার হোসেনকে সংসদ ভবনের ভেতরে পৌঁছে দেন।