ইরাকের উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের একটি সামরিক ঘাঁটি থেকে সব সেনা সদস্যকে সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইতালি। ওই ঘাঁটিতে ড্রোন হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ইতালির মন্ত্রীরা জানিয়েছেন, এর আগেই ওই ঘাঁটি থেকে সেনা প্রত্যাহারের একটি পরিকল্পনা চলছিল। নতুন সিদ্ধান্তের ফলে সেই প্রত্যাহার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো দেশটির সংবাদমাধ্যম টিজি–ওয়ানকে (টিজি১) বলেন, বুধবারের ড্রোন হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে হামলার আগেই ওই ঘাঁটি থেকে সেনা সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল।
তিনি জানান, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে ঘাঁটি থেকে সব সেনা সদস্যকে প্রত্যাহার করা হচ্ছে।