দেশে সোমবার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এদিন বিকেলে হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে ১৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর একটি শিশুর নিশ্চিত হাম রোগে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৫৪৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৪৫৮ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে ৮৭ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে ১৭ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে সাত শিশুই ঢাকা বিভাগের। এ ছাড়া সিলেট বিভাগে তিনজন, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে দুজন করে এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে এক হাজার ২২৪ জন। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ২৭ শিশু। তাদের মধ্যে ৪২৭ শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম (২০৮), বরিশাল (১২৮) ও খুলনা (৯৫)। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪০৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৭১ দিনে মোট হাম রোগীর সংখ্যা ৬৪ হাজার ৯৪০ জন। হাসপাতালে ভর্তি হয়েছে ৫১ হাজার ৫৮৫ জন। মোট হাম শনাক্ত হয়েছে আট হাজার ৭১৯ জনের। এ ছাড়া ৭১ দিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৪৭ হাজার ৬১৯ জন।