কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৭ মে) শেষনিশ্বাস ত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত। সিপিএম নেতাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য টেলিগ্রাফ।
পারিবারিক সূত্র বলছে, কলকাতার গড়িয়াহাটে নিজ বাসভবনের ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলে তাকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালে মৃত্যু হয় তার।
অনীক দত্ত ইউনাইটেড ব্যাংক অব ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা নরেন্দ্র চন্দ্র দত্তের নাতি। ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক হয়।
‘ভূতের ভবিষ্যৎ’ ছাড়াও ‘বরুণবাবুর বন্ধু’ (২০২০) এবং সত্যজিৎ রায়ের পথের পাঁচালী নির্মাণের নেপথ্য গল্প নিয়ে নির্মিত ‘অপরাজিত’ (২০২২)-এর জন্য তিনি বিশেষভাবে পরিচিত।
অনীক দত্ত পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ‘যত কাণ্ড কলকাতাতেই’ (২০২৫)। এই সিনেমায় আবীর চট্টোপাধ্যায়, বাংলাদেশের অভিনয়শিল্পী কাজী নওশাবা আহমেদ এবং দুলাল লাহিড়ীর মতো তারকারা প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।
বামপন্থী আদর্শে বিশ্বাসী এই নির্মাতা পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কট্টর সমালোচক ছিলেন। ২০১৯ সালে তার রাজনৈতিক ব্যঙ্গাত্মক সিনেমা ‘ভবিষ্যতের ভূত’ প্রেক্ষাগৃহে প্রদর্শনে বাধা দেওয়া হয়েছিল।
কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রবল অনুরাগী ছিলেন অনীক দত্ত। তার নির্মিত চলচ্চিত্রগুলোতে সত্যজিৎ রায়ের নির্মাণশৈলীর ছাপ পাওয়া যায় এবং প্রায়ই তিনি নিজের কাজের মাধ্যমে সত্যজিৎ রায়ের সৃষ্টিকে শ্রদ্ধা জানাতেন।