প্রেস মিটে অনুপস্থিত
ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা অ্যাকশন থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘তছনছ’ মুক্তির আগমুহূর্তে দেখা দিল নতুন বিতর্ক। সিনেমাটির সংবাদ সম্মেলনে অনুপস্থিত ছিলেন চিত্রনায়িকা ববি হক। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তার বিরুদ্ধে শিল্পী সমিতি ও প্রযোজক সমিতিতে অভিযোগ, এমনকি আদালতে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন প্রযোজক ও অভিনেতা মুন্না খান।
মঙ্গলবার রাজধানীর মগবাজারের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ‘তছনছ’-এর প্রেস মিট। বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা বদিউল আলম খোকন, শিবা সানু, মারুফ আকিব, মুন্না খানসহ সিনেমাটির অন্যান্য কলাকুশলী। তবে সিনেমার নায়িকা ববি হক অনুষ্ঠানে উপস্থিত হননি।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মুন্না খান। তিনি দাবি করেন, অনুষ্ঠান শুরুর এক ঘণ্টা আগেও ববি হকের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছিল। তখন তিনি অনুষ্ঠানে আসার কথা জানিয়েছিলেন।
মুন্না খান বলেন, তিনি পথে আছেন বলে জানিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও না আসায় আমরা প্রেস মিট শুরু করতে বাধ্য হই।
ববির অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে মুন্না খান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি ইচ্ছাকৃতভাবে তিনি অনুষ্ঠানে অংশ না নিয়ে থাকেন, তাহলে শিল্পী সমিতি ও প্রযোজক সমিতিতে লিখিত অভিযোগ দেওয়া হবে।
তিনি আরও বলেন, সমিতিগুলো যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে ঈদের পর ৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করব।
একই সঙ্গে নিজের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ হচ্ছে বলেও অভিযোগ করেন এই প্রযোজক-অভিনেতা। তার ভাষ্য, ববি হকের অনুপস্থিতিও যদি সেই ষড়যন্ত্রের অংশ হয়ে থাকে এবং সংশ্লিষ্ট সংগঠনগুলো কার্যকর ভূমিকা না নেয়, তাহলে ভবিষ্যতে তিনি আর চলচ্চিত্রে বিনিয়োগ করবেন না।
ঈদে মুক্তির তালিকায় থাকা ‘তছনছ’ পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমায় অভিনয় করেছেন মুন্না খান, ববি হকসহ আরও অনেকে। মুক্তির আগে প্রচারণা ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক এখন চলচ্চিত্র অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।