আজ জন্মদিন রাফিয়াত রশিদ মিথিলার। দেশের বিনোদন অঙ্গনের পরিচিত এই মুখ অভিনয়, গান ও উন্নয়নমূলক কর্মকাণ্ড—সব ক্ষেত্রেই সমানভাবে সক্রিয়। তবে বিশেষ এই দিনটিও কাটছে তার কর্মব্যস্ততার মধ্য দিয়ে।
জন্মদিন উপলক্ষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিথিলা জানান, সারাদিন অফিসের দায়িত্ব পালন করছেন এবং কাজের ফাঁকেই শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা গ্রহণ করছেন। এতে তিনি আনন্দিত বলেও উল্লেখ করেন। তবে এবারের জন্মদিনে বড় কোনো আয়োজন রাখছেন না বলে জানান এই তারকা।
মিথিলার ভাষ্য, আগের মতো জন্মদিন নিয়ে এখন আর অতিরিক্ত উচ্ছ্বাস কাজ করে না। বর্তমানে কাজ ও দায়িত্বই তার প্রধান মনোযোগের জায়গা। তবে দিনশেষে মেয়ে ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তার।
অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবেও সুপরিচিত মিথিলা বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। শিশু শিক্ষা, নারী অধিকার ও সামাজিক উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিভিন্ন প্রকল্পে কাজ করছেন তিনি।
সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে তার দৃঢ় অবস্থান। নাটক, সিনেমা ও ওটিটি—সব মাধ্যমেই কাজ করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন তিনি। ‘একাত্তর’ সিরিজের মাধ্যমে ওটিটিতে যাত্রা শুরু করেন। পরে ‘অমানুষ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।
অভিনয় দক্ষতার স্বীকৃতিস্বরূপ ‘অভাগী’ ছবিতে অভিনয়ের জন্য ১৪তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন মিথিলা। এছাড়া গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ চলচ্চিত্রে তার অভিনয়ও দর্শকমহলে প্রশংসিত হয়েছে।
কাজ ও সৃজনশীলতার সমন্বয়ে নিজের অবস্থান আরও শক্ত করছেন মিথিলা। জন্মদিনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত এই তারকা।