মহিন খানের পরিচালনায় একের পর এক কোটি ভিউয়ের নাটক উপহার দিয়ে দর্শকদের মন জয় করেছেন অভিনেতা নিলয় আলমগীর ও অভিনেত্রী হিমি।
সেই সফল জুটিকে নিয়েই এবার ঈদে মহিন খান নির্মাণ করেছেন নতুন নাটক ‘মীমাংসা’। এটি প্রচার হবে চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানমালায়।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদের চতুর্থ দিন রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে ঈদের বিশেষ নাটক ‘মীমাংসা’।
‘মীমাংসা’ মূলত একটি পারিবারিক গল্প। নির্মাতা বলেন, ‘আমাদের সমাজে জমিজমা, অহংকার আর ছোট ছোট ভুল বোঝাবুঝি থেকে আপন ভাইয়ের মধ্যেও দূরত্ব তৈরি হয়। এই নাটকে আমরা দেখিয়েছি, রাগ অভিমান যত বড়ই হোক, বিপদের সময় পরিবারের মানুষই সবার আগে পাশে দাঁড়ায়।’
নাটকটিতে আলমগীর চরিত্রে অভিনয় করেছেন নিলয় এবং হিমি অভিনয় করেছেন জোনাকি চরিত্রে। এই নাটক ছাড়াও এই জুটির একাধিক নাটক ঈদে দেখতে পাবেন দর্শক।