বিশ্বব্যাপী প্রদর্শনের পর এবার বাংলাদেশি দর্শকদের জন্য মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চকোলেট’। চলচ্চিত্রটি এখন দেখা যাচ্ছে টাইমস অব বাংলাদেশের ইউটিউব চ্যানেলে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ২০ মিনিটের এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জসীম আহমেদ। এতে শিশু নির্যাতনের ভয়াবহ বাস্তবতা তুলে ধরা হয়েছে। দেশে মুক্তির আগে ব্রিটিশ পরিবেশনা প্রতিষ্ঠান শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে চলচ্চিত্রটির প্রদর্শনী চুক্তি শেষ হয়।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, শতাব্দী ওয়াদুদ, আজিজুল হাকিম ও শিল্পী সরকার অপু।
বাংলাদেশে মুক্তির আগে ‘চকোলেট’ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে ‘শর্টস টিভি’ চ্যানেলে প্রচার হয়েছে। ‘শর্টস টিভি’ পরিবেশনা প্রতিষ্ঠান শর্টস ইন্টারন্যাশনালের নিজস্ব চ্যানেল।
এ ছাড়া বিভিন্ন এয়ারলাইনস, মোবাইল প্লাটফর্ম, ভিডিও অন ডিমান্ড (ডিওডি) ও অন্যান্য অনলাইন মাধ্যমেও চলচ্চিত্রটি বিশ্বের দর্শকদের জন্য প্রদর্শিত হয়।