২১ মে বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রহমান মিলনায়তনে দেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষক ড. অণিমা রায়ের প্রথম গ্রন্থ ‘পঞ্চগীতিকবির গানে স্বদেশচেতনা’ বইটির প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিল্পীর প্রথম বইয়ের বিষয় বাংলা গান নিয়ে গবেষণামূলক প্রবন্ধ। প্রকাশ করেছে বাংলা একাডেমি। অনুষ্ঠানের শুরুতে ড. অণিমা রায়ের প্রতিষ্ঠিত সংগীত পাঠশালা সুরবিহারের ছাত্র-ছাত্রীরা গেয়ে শোনান সমবেত সঙ্গীত। তাদের পরিবেশনায় ছিল ডি.এল রায়ের গান ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ এবং রবীন্দ্রসংগীত ‘বিশ্বসাথে যোগে যেথায় বিহার’।
এরপর বইটি নিয়ে আলোচনা ও শিল্পীর লেখক স্বত্ত্বা নিয়ে কথা বলেন অতিথিরা। আলোচনায় অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম এবং সরকারি সংগীত কলেজের বিভাগীয় প্রধান ড. কমল খালিদ।
নিজের প্রথম গ্রন্থ প্রকাশনা প্রসঙ্গে ড. অণিমা রায় বলেন,‘এটি অবশ্যই আমার জন্য আনন্দের ও স্মরণীয় দিন। আমি যখন এই বিষয়টি নিয়ে গবেষণার কাজটা শুরু করি। তখন বুঝতে পারলাম যে, আমাদের দেশে পাঁচ কবির রচনা নিয়ে তেমন কোনো প্রবন্ধ বা সংকলন নেই। তাই এই বিষয়েই আমার প্রথম বই প্রকাশনার সিদ্ধান্ত নিই। কৃতজ্ঞতা জানাতে চাই বাংলা একাডেমিকে, তারা খুব যত্নের সঙ্গে এই বইটি প্রকাশ করেছেন। এখন মূলত পাঠ প্রতিক্রিয়া পাবার অপেক্ষা। কারন একটি বই তখনই স্বার্থকতা পায় যখন তা পাঠকের কাছে বিভিন্ন মাত্রা ও ভিন্ন ভিন্ন ভাবনায় মূল্যায়িত হয়। আমি তাই বইটি সবার কাছে ছড়িয়ে দিতে চাই।’
অনুষ্ঠান শেষে মিলনায়তন চত্ত্বরে উপস্থিত অতিথিরা বইটির সাথে লেখকের অটোগ্রাফ সংগ্রহ করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারজানা রশীদ ব্রাউনিয়া।