সাইফ চন্দন পরিচালিত এবং আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘মালিক’ সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাচ্ছে।
২২ মে সিনেমাটির পোস্টার প্রকাশের মধ্য দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক সাইফ চন্দন।
এরইমধ্যে সিনেমার দুটিচ পোস্টার প্রকাশ হয়েছে। অ্যাকশন আর রোমান্সের মিশেলে পোস্টার দুটি যেন সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
অ্যাকশন ঘরানার ‘মালিক’ সিনেমায় দেখা যাবে এক জেদি মানুষের গল্প। যে মায়ের সম্মান ও অধিকার আদায়ের লড়াইয়ে নেমে ধীরে ধীরে হয়ে ওঠে অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি।
সেই ‘মালিক’ চরিত্রেই অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে বিদ্যা সিনহা মিমকেও দেখা যাবে ভিন্নধর্মী একটি চরিত্রে।
নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘অ্যাকশন সিনেমা হলেও এতে আবেগ, সম্পর্ক আর দারুণ একটি গল্প আছে। শিল্পীরা অসাধারণ কাজ করেছেন। পোস্টার, গান ও ট্রেলার দেখার পর দর্শক আরও চমকে যাবে। আমরা বিশ্বাস করি ঈদে দর্শক উপভোগ করার মতো একটি সিনেমা পাচ্ছেন।’
বর্তমানে কলকাতায় চলছে সিনেমাটির শেষ মুহূর্তের পোস্ট প্রোডাকশনের কাজ। সেখান থেকেই সাইফ চন্দন জানান, সিনেমাটি মুক্তির সকল প্রস্তুতি শেষ। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর চ‚ড়ান্তভাবে মুক্তির পরিকল্পনা ও প্রচারণা শুরু হবে বলেও জানান তিনি।
‘মালিক’ সিনেমার আরেকটি বিশেষ আকর্ষণ হলো-দীর্ঘ সাত বছর পর বড় পর্দায় একসঙ্গে ফিরছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। সবশেষ তারা জুটি বেঁধেছিলেন গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায়। যেটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে।