গত রোজার ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি। দেশের দর্শকদের মন মাতানোর পর সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে ভালো সাড়া পেয়েছে।
বিশেষ করে উত্তর আমেরিকায় প্রদর্শনের পর সিনেমাটি আয়ের দিক থেকে গড়েছে নতুন রেকর্ড। জানা গেছে, কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শনের আয়ের দিক থেকে গড়েছে নতুন রেকর্ড।
সেখানে সিনেমাটি বর্তমানে আয় করেছে ৪ লাখ ৫০ হাজার ৩৭৬ মার্কিন ডলার। এর মাধ্যমে ‘হাওয়া’ সিনেমার ৩ লাখ ৫৮ হাজার ডলারের আগের রেকর্ড ভেঙে দেশের বাইরে সবচেয়ে বেশি আয় করা বাংলাদেশি সিনেমার নতুন ইতিহাস গড়েছে ‘বনলতা এক্সপ্রেস’।
তথ্যটি নিশ্চিত করেছেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর অলিউল্লাহ সজীব।
কানাডার ১০টি থিয়েটার থেকে ছবিটি আয় করেছে ২ লাখ ১ হাজার ৩১২ কানাডিয়ান ডলার। আর যুক্তরাষ্ট্রের ৫০টি থিয়েটার থেকে এসেছে ২ লাখ ৪৯ হাজার ৬৪ মার্কিন ডলার।
সবচেয়ে বেশি আয় এসেছে ক্যানাডার টরন্টো থেকে। শহরটির দুটি থিয়েটার থেকে ছবিটি আয় করেছে ১ লাখ ১৬ হাজার ৬৪০ ডলার। নিউ ইয়র্ক সিটির তিনটি থিয়েটার থেকে এসেছে ৬৭ হাজার ৫৬১ ডলার। এছাড়া ডালাস থেকে ২৪ হাজার ৩৬৪ ডলার, ডিসি-ম্যারিল্যান্ড-ভার্জিনিয়া অঞ্চল থেকে ২৩ হাজার ৮৫৬ ডলার এবং ভ্যানকুভার থেকে ১৫ হাজার ৯৩২ ডলার আয় হয়েছে।
এ ছাড়া ক্যালগেরি থেকে ১৫ হাজার ৩৮৭ ডলার, হিউস্টন থেকে ১২ হাজার ১৯০ ডলার, অটোয়া থেকে ১১ হাজার ৯২২ ডলার, সান ফ্রানসিস্কো বে এরিয়া থেকে ১১ হাজার ৭২৩ ডলার এবং মন্ট্রিয়াল থেকে ১১ হাজার ২০৫ ডলার আয় করেছে ছবিটি।
বিশেষভাবে আলোচনায় এসেছে টরন্টোর ‘সিনেপ্লেক্স এগলিন্টন টাউন সেন্টার’। একক থিয়েটার হিসেবেই এটি আয় করেছে ৯২ হাজার ৩৩১ ডলার, যা উত্তর আমেরিকায় কোনো বাংলাদেশি ছবির সর্বোচ্চ একক থিয়েটার আয়। এর আগে এ রেকর্ড ছিল ‘প্রিয়তমা’ ছবির দখলে।
এদিকে আগামী ২৪ মে থেকে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি ওটিটি প্লাটফর্ম ‘হইচই’তে প্রকাশ পাবে বলে জানা গেছে।