ব্রাজিলে রিও ডি জেনিরোর ঐতিহাসিক কোপাকাবানা সৈকতে ২ মে বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা এক বিশাল উন্মুক্ত কনসার্টে পারফর্ম করেছেন। রিও সিটি কর্মকর্তাদের তথ্যমতে, প্রায় ২০ লাখ মানুষ এই শো উপভোগ করেছেন। যা এই তারকার ক্যারিয়ার সেরা কনসার্ট হিসেবে বিবেচিত হচ্ছে।
রিও-র এই বিখ্যাত সমুদ্রতীরে আয়োজিত ‘মেগা শো’ বর্তমানে পর্যটকদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। এর আগে ম্যাডোনা এবং লেডি গাগার মতো বিশ্বখ্যাত তারকারাও আইকনিক ‘কোপাকাবানা প্যালেস’ হোটেলের সামনে একই ধরনের বিশাল পারফরম্যান্স উপহার দিয়েছেন।
মূলত মে মাসের পর্যটন ব্যবসা চাঙ্গা করতেই এই উদ্যোগ। সিটি কর্মকর্তাদের অনুমান অনুযায়ী, শাকিরার এই একটি কনসার্ট থেকেই রিও ডি জেনিরোর অর্থনীতিতে প্রায় ১৬ কোটি ১৪ লাখ ডলার যোগ হয়েছে, যার সুফল পেয়েছে স্থানীয় হোটেল, রেস্তোরাঁ, পরিবহন এবং খুচরা বিক্রেতারা।
অনুষ্ঠানের শুরুতে একটি ড্রোন প্রদর্শনীর মাধ্যমে আকাশে শাকিরার বিখ্যাত ডাকনাম ‘শি উলফ’ (স্ত্রী নেকড়ে)-এর প্রতিচ্ছবি তৈরি করা হয়।
এরপরই মঞ্চে এসে পর্তুগিজ ভাষায় ভক্তদের উদ্দেশে শাকিরা বলেন, ‘ব্রাজিল, আমি তোমাদের ভালোবাসি। গান গাইতে, নাচতে এবং বিশ্বকে যা সত্যিই গুরুত্বপূর্ণ তা মনে করিয়ে দিতে লাখ লাখ প্রাণ একসঙ্গে হতে দেখা সত্যিই জাদুকরী।’
৪৯ বছর বয়সী এই গায়িকা তার জনপ্রিয় গান ‘হিপস ডোন্ট লাই’, ‘অ্যান্টোলজিয়া’ এবং ২০১০ বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন। মঞ্চে তার সঙ্গে ডুয়েট গাইতে যোগ দিয়েছিলেন ব্রাজিলের জনপ্রিয় তারকা আনিত্তা, ক্যাটানো ভেলোসো, মারিয়া বেথানিয়া এবং ইভেতে সাঙ্গালো।