দুই বছর আগে যুক্তরাষ্ট্রে নির্মাতা-অভিনেতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে একটি প্রজেক্টে কাজ করেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। শুরুতে এটি নাটক হিসেবে নির্মাণের কথা থাকলেও পরে টেলিফিল্ম হিসেবে নির্মাণ হয়। এখন শোনা যাচ্ছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা হিসেবে দর্শকের সামনে আসছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী।
রোববার (৩ মে) সন্ধ্যায় এক ফেসবুক ভিডিও বার্তার মাধ্যমে এই দম্পতি তাদের অভিযোগ ও বক্তব্য গণমাধ্যমের উদ্দেশ্যে তুলে ধরেন।
এর দুদিন আগে নির্মাতা ঘোষণা দেন, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অনুমতিক্রমে আগামী ১৫ মে দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। এতেই চটেছেন ওমর সানি ও মৌসুমী দম্পতি।
ওমর সানি বলেন, ‘মৌসুমীর কোনো চুক্তি বা সম্মতি ছাড়া এটি কীভাবে সিনেমা হতে পারে? আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এটি সিনেমা হিসেবে মুক্তি বন্ধের দাবি করছি।’
ভিডিও বার্তায় চিত্রনায়িকা মৌসুমীর একটি ভয়েস রেকর্ডও সংযুক্ত করা হয়। সেখানে মৌসুমী জানান, এটি মাত্র এক ঘণ্টার একটি নাটকের গল্প ছিল। নির্মাতার অনুরোধে তিনি বাড়তি সময় দিয়ে কাজটির শুটিং শেষ করেছিলেন এবং এটি টেলিফিল্ম হিসেবে প্রচারে তার সম্মতি ছিল।
তবে বর্তমানে সেটিকে সিনেমা বানানোর প্রক্রিয়াকে তিনি ‘কাটপিস’ব্যবহারের সঙ্গে তুলনা করেছেন। মৌসুমি বলেন, ‘সিনেমার আদ্যোপান্ত না জানিয়ে আমাকে হুট করে একটি চলচ্চিত্রের ভেতর ব্যবহার করা হচ্ছে, যা আমার দীর্ঘ ক্যারিয়ারের জন্য অপমানজনক। আমি লজ্জিত ও বিষ্মিত যে সেন্সর বোর্ড কীভাবে একে অনুমতি দিল।’
মৌসুমী আরও অভিযোগ করেন যে, সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার জন্য কোনো ডাবিং বা প্রয়োজনীয় কারিগরি কাজও করা হয়নি, এমনকি সিনেমার জন্য যে পারিশ্রমিক প্রাপ্য তাও তাকে পরিশোধ করা হয়নি।
এই ঘটনার প্রতিবাদে ওমর সানি ইতোমধ্যে পরিচালক সমিতি, প্রযোজক সমিতি এবং শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এ বিষয়ে সুষ্ঠু সমাধান না হলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।