নালা ভরাট করে ‘বুলি ফিলিং স্টেশন ও রাইস মিল’ নির্মাণের প্রতিবাদ করায় কৃষকদের হাত-পা কেটে নেওয়ার হুমকি দিয়েছেন বুলু ইসলাম নামের এক প্রভাবশালী। এঘটনায় রোববার (৩ মে) সকাল থেকে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারীর ডোমার-চিলাহাটি সড়কের বাগডোকরা এলাকায় পানি নিষ্কাশনের নালা ভরাট করে 'বুলি ফিলিং স্টেশন' ও রাইস মিল নির্মাণ করছেন বুলু ইসলাম। যার কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে প্রায় এক হাজার একর জমির বোরো ধান। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রতিবাদ করলে উল্টো মাইকে ঘোষণা দিয়ে তাদের পা কেটে নেওয়ার হুমকি দেন বুলু।
অভিযুক্ত বুলু ইসলাম বলেন, ‘কোনোভাবেই আমি পানি বের হওয়ার জায়গা দেব না। সরকার দিতে চাইলেও আমি দিতে দেব না। এজন্য আমার বিরুদ্ধে যত মামলা হোক, আমি তা মোকাবিলা করব। ডোমার থানার ওসিসহ প্রশাসনের ওপর মহল থেকে আমার কাছে অনুমতি আছে। আমি কোনো পাশ দিয়েই পানি যাওয়ার জায়গা দেব না।’
স্থানীয় বাসিন্দা সজিব বসুনিয়া বলেন, ‘নালাটি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে হাজার হাজার একর আবাদি জমির বোরো ধান পানির নিচে তলিয়ে আছে। ধান কাটার মৌসুম শুরু হলেও কৃষকরা জমিতে নামতে পারছেন না। জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা বিষয়টি সমাধানের চেষ্টা করলে অভিযুক্ত বুলু ইসলাম মাইকে ঘোষণা দিয়ে উল্টো তাদের প্রাণনাশের হুমকি দেন।’
ভুক্তভোগী কৃষক মজিদুল ইসলাম বলেন, ‘পানি বের হতে না পারায় অনেক ফসলি জমির ধান তলিয়ে গেছে। বুলু প্রভাব খাটিয়ে জোরপূর্বক নালা বন্ধ করে রেখেছে। এতে ঘরে তোলার উপযোগী ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আজও সে নালার জায়গা নিয়ে একজনকে হত্যার হুমকি দিয়েছে।’
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, ‘কৃষকদের নালা মাটি দিয়ে ভরাট করা একটি অপরাধ। কাউকে এবিষয়ে কোনো অনুমতি দেয়া হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি অপসারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।’