ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকায় মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় মাসুদ হোসেন নামের এক যুবক হয়েছেন। রোববার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ হোসেন সদর উপজেলার সাধুহাটি গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে রাসেল নামের এক যুবকের মোটরসাইকেল চুরি করে পালাচ্ছিলেন মাসুদ হোসেন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মাসুদ।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর হোসেন বলেন, ‘মোটরসাইকেল চুরি করে পালানোর সময় অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে।’