‘মা’—একটি শিশুর জীবনে সবচেয়ে নির্ভরতার নাম। সেই মানুষটিকে হারানোর শূন্যতা কতটা গভীর হতে পারে, তা তুলে ধরা হয়েছে ‘মা তুমি কোন আকাশে থাকো’ নাটকে। মা হারানো এক শিশুর মনের না বলা অনুভূতি উঠে এসেছে নাটকের সংলাপে—‘মা তুমি কোন আকাশে থাকো, আমায় কি আর আগের মতো তুমি ডাকো’।
নাটকের গল্পে দেখা যায় ছোট্ট মেয়ে তুলি খুব অল্প বয়সেই তার মাকে হারায়। বাবার স্নেহ থাকলেও মায়ের অভাব তাকে প্রতিনিয়ত স্পর্শ করে। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবারের পরামর্শে তুলির বাবা পরে বিয়ে করেন তুলির খালাকে। কিন্তু নতুন এই সম্পর্ক তুলির জীবনে স্বস্তি নিয়ে আসে, নাকি নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়—সেই টানাপোড়েনই নাটকের মূল বিষয়।
নাটকটি রচনা করেছেন জুলহাস জায়েদ এবং পরিচালনা করেছেন শামীম রেজা জুয়েল। প্রযোজনায় রয়েছে প্লাস মিডিয়া। এর আগে প্রতিষ্ঠানটি ‘ওরে চামবাজ’ ও ‘একজন খারাপ লোকের খোঁজে’-সহ কয়েকটি দর্শকপ্রিয় নাটক নির্মাণ করেছে।
অভিনয়ে তুলি চরিত্রে ছিল শিশুশিল্পী মৌনিয়া রহমান বনান্তী। তুলির বাবার চরিত্রে ইফতেখার ইফতি এবং খালার ভূমিকায় মিহি আহসান নিজেদের চরিত্র ফুটিয়ে তুলেছেন দক্ষতার সঙ্গে। এছাড়া তুলির মায়ের চরিত্রে সুমায়রা রহমান, পাশাপাশি সম্পা নিজাম ও বৈদ্যনাথ সাহার অভিনয় নাটকটিকে আরও পরিপূর্ণ করেছে।
পারিবারিক সম্পর্ক, শিশুমন ও বাস্তব জীবনের আবেগঘন কিছু প্রশ্নকে সামনে এনে ‘মা তুমি কোন আকাশে থাকো’ নাটকটি দর্শকদের জন্য হয়ে উঠতে পারে ভিন্নধর্মী এক অভিজ্ঞতা।