মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের বিভিন্ন স্থানে যে প্রতিরোধ ও প্রতিবাদের মুখে পড়ছে, তার অন্যতম কারণ তাদের বক্তব্য ও রাজনৈতিক ভাষা।’
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে মাদারীপুর সরকারি কলেজ মাঠে ডিসি ব্রিজ ক্লাব, মাদারীপুর আয়োজিত ‘করিম খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন এবং দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, ‘আজকে আমরা দেখতে পাই, আপনারা বিভিন্ন জায়গায় প্রতিরোধের মুখে পড়ছেন, প্রতিবাদের মুখে পড়ছেন। শুধু একটি কথা বলতে চাই—বাংলাদেশের সচেতন মানুষ জানে, আপনাদের মুখের ভাষার কারণেই বিভিন্ন জায়গায় অপমানিত হতে হচ্ছে। মুখ দিয়ে রাজনীতি করা বন্ধ করে দেশের স্বার্থে কাজ করুন।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের অভিভাবকের দায়িত্ব পালন করছেন। তার পরিশ্রম ও উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতোই স্থান করে নেবেন, ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।