জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, ‘গত ১৭ বছরে দেশের সামাজিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাদকের বিস্তার গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়েছে, এমনকি এর প্রভাব পৌঁছে গেছে ঘরে ঘরে। এই পরিস্থিতি মোকাবিলায় পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের জয়ন্তী নদীর ওপর প্রস্তাবিত নলমুড়ি-কুচাইপট্টি সংযোগ সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
হুইপ অপু বলেন, ‘তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা কঠিন হবে।’
তিনি বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার এবং পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়। এটি প্রতিরোধে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।’
জয়ন্তী নদীর ওপর সেতু নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিনের প্রত্যাশিত এ সেতুর অনুমোদন ইতোমধ্যে হয়েছে। এখানে একটি আধুনিক সেতু নির্মাণের পাশাপাশি খুনেরচর-আবুপুর হয়ে বরিশালের সঙ্গে সংযোগ স্থাপনে আরও একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এলাকার সড়ক ও অন্যান্য অবকাঠামোর উন্নয়নও বাস্তবায়ন করা হবে।’
হুইপ আরও বলেন, গোসাইরহাটবাসী এবার প্রথমবারের মতো নিজেদের একজন সন্তানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। গোসাইরহাট তার পরিবার এবং বিএনপি তার পরিচয় উল্লেখ করে তিনি সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ শরীয়তপুর গড়ে তোলার আহ্বান জানান।
শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়ক প্রকল্প সম্পর্কে তিনি বলেন, আগামী তিন মাসের মধ্যে সব ধরনের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর টেন্ডার প্রক্রিয়ায় অযথা বিলম্ব না করে দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করছে।
শরীয়তপুর-নাওডোবা-জাজিরা সড়ক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, জমি অধিগ্রহণসংক্রান্ত দীর্ঘদিনের আইনি জটিলতার বেশিরভাগই ইতোমধ্যে সমাধান হয়েছে। আগামী রোববার বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠকে অবশিষ্ট সমস্যারও নিষ্পত্তি হবে। সরকারের নির্দেশনায় প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। বর্ষা শেষে এ সড়কের উন্নয়নকাজ দৃশ্যমান হবে এবং দীর্ঘদিনের ভোগান্তি থেকে মানুষ মুক্তি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শরীয়তপুরের বাস্তবায়নে ‘ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প (২য় সংশোধিত)’-এর আওতায় সামন্তসার ও ইদিলপুর ইউনিয়নের চারটি সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেন হুইপ অপু।
এ সময় জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলাম, গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুশরাত আরা খানম, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহস স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।