বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এমপিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের সই করা প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। দলীয় সূত্র জানিয়েছে, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তবে তিনি কবে দেশে ফিরবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
চিকিৎসাধীন অবস্থায় নতুন এই দায়িত্ব পাওয়ার ফলে দেশের অন্যতম বৃহৎ সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বও পালন করবেন মির্জা আব্বাস।